- হোম
- শিক্ষা
- মানবিক মানুষ হওয়ার আহ্বানে গাকৃবি হাই স্কুলে এসএসসি বিদায় সংবর্ধনা
-
মানবিক মানুষ হওয়ার আহ্বানে গাকৃবি হাই স্কুলে এসএসসি বিদায় সংবর্ধনা
বিশেষ প্রতিনিধি
প্রকাশকাল: ১৭ এপ্রিল ২০২৬, ০৮:০৭ পি.এম
“মানবিক মানুষ হয়ে ওঠাই হোক সাফল্যের প্রকৃত মানদণ্ড”—এমন প্রত্যয় ব্যক্ত করে শিক্ষার্থীদের জীবনের প্রকৃত লক্ষ্য নির্ধারণে মানবিকতা, সততা ও ন্যায়পরায়ণতার ওপর গুরুত্বারোপ করেছেন গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের (গাকৃবি) ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেলে বিশ্ববিদ্যালয়ের হাই স্কুলে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, “শুধু ভালো ফলাফলই জীবনের সাফল্যের মাপকাঠি নয়; বরং সময়ানুবর্তিতা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধই একজন মানুষকে সত্যিকার অর্থে বড় করে তোলে।” তিনি শিক্ষার্থীদের স্বপ্ন দেখার সাহস অর্জন এবং আলোকিত মানুষ হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মোঃ সফিউল ইসলাম আফ্রাদ। এছাড়া রেজিস্ট্রার মোঃ আবদুল্লাহ্ মৃধা, পরিচালক (গবেষণা) প্রফেসর ড. মোঃ মসিউল ইসলাম, প্রক্টর প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল আলম, হাই স্কুলের ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, শিক্ষক-শিক্ষিকাসহ বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
হাই স্কুলের প্রধান শিক্ষক (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ আব্বাস উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে শুরুতেই বিদায়ী ৫৩ জন শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে প্রধান শিক্ষক শিক্ষার্থীদের উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্য দেন এবং তাদের ভবিষ্যৎ জীবনের সাফল্য কামনা করেন।
অনুষ্ঠানে দশম শ্রেণির শিক্ষার্থী সাদিয়া তাবাসসুম তুবা বিদায়ী মানপত্র পাঠ করেন। বিদায়ী ব্যাচের পক্ষ থেকে মারিয়া সুলতানা অনুভূতিময় বক্তব্যে বিদ্যালয়ের স্মৃতিচারণ, শিক্ষক-শিক্ষিকাদের প্রতি কৃতজ্ঞতা এবং ভবিষ্যৎ স্বপ্নের কথা তুলে ধরেন, যা উপস্থিত সবার মাঝে আবেগঘন পরিবেশ সৃষ্টি করে।
এ সময় অন্যান্য অতিথিরাও বিদায়ী শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বক্তব্য দেন। অনুষ্ঠানের একপর্যায়ে ভাইস-চ্যান্সেলর শিক্ষার্থীদের হাতে শিক্ষা সামগ্রী তুলে দেন, যা তাদের ভবিষ্যৎ পথচলার প্রেরণা হিসেবে কাজ করবে।
অনুষ্ঠানের শেষপর্যায়ে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের ইমামের পরিচালনায় বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়ার মাধ্যমে শিক্ষার্থীদের সফলতা, উজ্জ্বল ভবিষ্যৎ এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়।
উল্লেখ্য, ২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী ২১ এপ্রিল শুরু হয়ে ২০ মে পর্যন্ত চলবে।